Long Popup (2)
সর্বশেষ

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা

2026 04 05a n17753987037409City

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই কুয়েতের গুরুত্বপূর্ণ তেল ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ভোরে এই আকস্মিক হামলার ঘটনা ঘটে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, আজ ভোর পাঁচটা থেকে ইরানের দিক থেকে ধেয়ে আসা অন্তত ২৮টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তাঁদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তিনি বলেন, ভোর থেকেই তাঁরা ইরানি হামলার তীব্র ঢেউ লক্ষ করছেন এবং ইতিমধ্যে বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মূলত কুয়েতের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্রকল্পগুলো লক্ষ্য করেই এসব ড্রোন হামলা চালানো হয়। এতে ওই সব অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির আবহের মধ্যেই এমন হামলা ওই অঞ্চলের নিরাপত্তাকে নতুন করে হুমকিতে ফেলেছে।

অন্যদিকে, এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই লেবাননের দক্ষিণাঞ্চলেও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার ভোরে লেবাননের সিদোন এলাকায় চালানো এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হতাহতের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

লেবাননে সংঘাতের মাত্রা আরও বাড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। এরই অংশ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলীয় তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে যুদ্ধবিরতির ঘোষণার পরও মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংঘাত পরিস্থিতি নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate