প্রবাসীদের স্বাস্থ্যসেবা সহজ করলো কুয়েত, চালু হলো সালেম অ্যাপ
প্রবাস ডেস্ক22 November, 2025
424
ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় স্বাস্থ্যসেবা মোবাইল অ্যাপ্লিকেশন ‘সালেম’। গত ২০ নভেম্বর থেকে এ অ্যাপ কুয়েতি নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত তিন লাখেরও বেশি বাংলাদেশিসহ সকল বিদেশি নাগরিকের জন্য উন্মুক্ত করা হয়েছে। উন্নত দেশের মতো স্বাস্থ্যসেবা ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দিতে এটি কুয়েত সরকারের বড় উদ্যোগ বলে বিবেচিত হচ্ছে।
নতুন এই অ্যাপের মাধ্যমে হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার আগেই ঘরে বসে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট দেখা, পূর্বের সব মেডিকেল রেকর্ড ও ওষুধের তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এতে রোগীর চিকিৎসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। চিকিৎসকরাও অ্যাপের মাধ্যমে মুহূর্তেই রোগীর পূর্ণাঙ্গ স্বাস্থ্যতথ্য দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
এ উদ্যোগের ফলে কুয়েতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি এসেছে, বিশেষ করে দীর্ঘ লাইন ও ভোগান্তির মধ্যে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য। অনেক প্রবাসী জানিয়েছেন, আগে বিভিন্ন হাসপাতালের মেডিকেল রেকর্ড আলাদা সার্ভারে সংরক্ষিত থাকায় প্রয়োজনের সময় তা পাওয়া কঠিন ছিল। এখন ‘সালেম’ অ্যাপে সব তথ্য এক জায়গায় পাওয়ায় প্রয়োজন অনুযায়ী যেকোনো হাসপাতালে চিকিৎসা পাওয়া সহজ হবে।
অ্যাপটি চালুর পর থেকে প্রবাসীদের মধ্যে স্বস্তি প্রকাশের পাশাপাশি কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা শোনা যাচ্ছে। তারা মনে করছেন, ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থা রোগী, হাসপাতাল ও চিকিৎসকদের মধ্যে সমন্বয় আরও উন্নত করবে।
কুয়েতে এই আধুনিক স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা দেখে অনেক প্রবাসী বাংলাদেশিরা মত দিয়েছেন যে, বাংলাদেশের স্বাস্থ্যখাতেও জাতীয় পর্যায়ের এমন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়া জরুরি। তাদের মতে, এ ধরনের সেবা চালু হলে দেশের মানুষ চিকিৎসার ক্ষেত্রে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন।