মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের কুর্দিস্তান এলাকায় সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় ভোর আনুমানিক চারটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তাঁরা নিহত হন।
নিহত ওই দুই প্রবাসী হলেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের বড় ছেলে মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার প্রয়াত আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)। তাঁরা কুর্দিস্তানে একটি কনফেকশনারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার ভোরে কাজ শেষে একসঙ্গে বাসায় ফেরার পথে সড়ক পার হওয়ার সময় তাঁরা এই দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বর্তমানে কুর্দিস্তানের একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মনোহার আলী প্রায় চার বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমিয়েছিলেন। বৈধ কাজের অনুমতি বা আকামা না থাকায় বিভিন্ন জায়গায় কাজ করে অনেক কষ্টে পরিবারের খরচ চালাতেন তিনি। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণ দীর্ঘ চার বছরেও পরিশোধ করতে পারেননি। এর মধ্যে গতকাল সকালে ঘূর্ণিঝড়ে তাঁদের বসতঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে। অন্যদিকে নিহত বজলুও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে প্রায় দেড় বছর আগে ইরাকে গিয়েছিলেন। তাঁর অকালমৃত্যুতে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পরিবারটি গভীর অনিশ্চয়তায় পড়েছে। দুই প্রবাসীর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও
নিহত মনোহারের স্ত্রী সোমা আক্তার জানান, রোববার বিকালেও স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচবেন, তা ভেবে পাচ্ছেন না। ঝড়ে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বজলুর স্ত্রী আঁখি আক্তারও জানান, রোববার রাতে স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। সন্তানদের খোঁজ নেওয়ার পাশাপাশি দেশে ফেরার কথাও জানিয়েছিলেন তিনি। উভয় পরিবারই দ্রুত স্বজনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি ওই দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবর জানতে পেরেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি প্রাথমিকভাবে পরিবারগুলোকে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে বলেও তিনি জানান।









![]jh](https://probashtime.net/wp-content/uploads/2026/05/jh.webp)
