সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ায় চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবুধাবি পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার কারণে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বেশ কয়েকটি এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। এই সতর্কতা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আমিরাতের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা—বিশেষ করে আল আইন থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল হয়ে ফুজাইরাহ এবং পশ্চিম আবুধাবির আল ধাফরা এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় সড়কে দৃষ্টিসীমা কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বাড়তে পারে। তাই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পুলিশ চালকদের ভেজা রাস্তায় গতি কমিয়ে এবং ইলেকট্রনিক সাইনবোর্ডের পরিবর্তনশীল নির্দেশনা মেনে চলার কড়া নির্দেশ দিয়েছে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দৃষ্টিসীমা কমে গেলে হেডলাইট জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিচু উপত্যকা ও পানি জমে থাকা সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। যেকোনো জরুরি প্রয়োজনে আবহাওয়া কেন্দ্র ও পুলিশের সর্বশেষ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।










