সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে দেশটিতে নতুন ইসলামি বর্ষ ও মহররম মাসের গণনা শুরু হচ্ছে। মহররম মাস শুরুর এই হিসাব অনুযায়ী, আগামী ২৫ জুন মধ্যপ্রাচ্যে পবিত্র আশুরা বা ১০ মহররম উদযাপিত হবে।
গতকাল সোমবার (১৫ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠক শেষে আমিরাতের ধর্ম মন্ত্রণালয় নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একই সঙ্গে ১৪৪৮ হিজরি নববর্ষের সূচনা হয়েছে।
ইসলামি ইতিহাসে নানা তাৎপর্যপূর্ণ ও শোকাবহ ঘটনার স্মারক হিসেবে প্রতিবছর মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা পালন করা হয়। বিশেষ করে কারবালার মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার কারণে দিনটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীর শোক ও ত্যাগের প্রতীক। ৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন। দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।
আরও
তবে কেবল কারবালার ট্র্যাজেডিই নয়, ইসলামি বিশ্বাস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহররম মাসের ১০ তারিখে আরও বহু স্মরণীয় ঘটনা সংঘটিত হয়েছিল। আসমান ও জমিন সৃষ্টি, প্রথম মানব হজরত আদম (আ.)-কে সৃষ্টিসহ এই দিনটির আলাদা একটি বিশেষত্ব রয়েছে। পাশাপাশি ইসলামের ইতিহাসের অনেক নবী ও রাসুলকে তাঁদের শত্রুদের হাত থেকে রক্ষা করে এই দিনেই মহান আল্লাহ বিশেষ রহমত দান করেছিলেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়।










