সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ফলে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে এই অগ্নিকাণ্ড ঘটায় তেজস্ক্রিয় নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়েনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
অন্যদিকে, ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার রাতে অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) পশ্চিমে বেইত শেমেশ এলাকায় এই শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে। আজ রোববার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রবল এই বিস্ফোরণের শব্দে ওই এলাকাজুড়ে ব্যাপক কম্পন অনুভূত হয় এবং বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘টোমের’ কোম্পানি এক তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, এই বিস্ফোরণটি মূলত তাদের একটি পূর্বপরিকল্পিত সামরিক পরীক্ষা ছিল। পরিকল্পনামাফিকই এই পরীক্ষা সফলভাবে পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।









