ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে এ অঞ্চলে ইসরায়েলি সরকারের উপস্থিতির ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সফরের কড়া সমালোচনা করে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকি তৈরি করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও চলমান সংঘাতের কারণে পশ্চিম এশিয়া বর্তমানে ইতিহাসের অন্যতম নাজুক ও স্পর্শকাতর সময় পার করছে। এমন এক বাস্তবতায় ‘হাজার হাজার নিরপরাধ মানুষের রক্তে হাত রঞ্জিত এবং আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি’ একজন ব্যক্তির এই অঞ্চলে উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিনের বৈরিতা এবং তেহরানের বিরুদ্ধে তেলআবিবের নিয়মিত হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের সফরের সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে মধ্যপ্রাচ্যের সব দেশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ইরান।
তেহরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তা একটি সম্মিলিত ও অবিচ্ছেদ্য বিষয়। কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তিকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হলে তা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই আত্মঘাতী হবে এবং সার্বিক বিভাজন আরও বাড়াবে। এমন পরিস্থিতিতে আরব দেশগুলোর সরকারকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলি প্রশাসনের কোনো ধ্বংসাত্মক তৎপরতা কিংবা কোনো আঞ্চলিক দেশকে লক্ষ্যবস্তু বানানোর কাজে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।










