সৌদি আরবের দাম্মামে এক ভারতীয় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মেথামফেটামিন নামের অবৈধ মাদক পাচারের অভিযোগে রবিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই সাজা কার্যকর করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবুটি ভেলিলা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা ছিলেন।
জানা যায়, ২০২৩ সালে ওমান থেকে সড়কপথে সৌদি আরবে প্রবেশের সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। সে সময় তার কাছ থেকে প্রায় ৪৩ কেজি মেথামফেটামিন জব্দ করা হয়েছিল। গ্রেপ্তারের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আপিল আদালত তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরবর্তীতে একটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে এই চূড়ান্ত সাজা কার্যকর করা হয়।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে সৌদি সরকার সর্বদা বদ্ধপরিকর।










