মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার জেরে পরিস্থিতি যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন আশঙ্কায় ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান বা নাগরিকদের ওপর হামলা চালাতে পারে বলে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। অপ্রত্যাশিতভাবে যেকোনো সময় এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এ অবস্থায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ইরান এবং তাদের মিত্রদের সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আরও
উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও যাতায়াতকারী মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং যোগাযোগব্যবস্থায় আকস্মিক বিঘ্ন ঘটার বিষয়ে প্রস্তুত থাকতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের নিয়মিত বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর সর্বশেষ কার্যক্রমের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হালনাগাদ নিরাপত্তা পরিস্থিতি ও জরুরি নির্দেশনা সম্পর্কে জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণেরও আহ্বান জানানো হয়েছে।











