মিশরে চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশিকে অপহরণ, শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও মুক্তিপণ দাবির দায়ে তিন বাংলাদেশি নাগরিককে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বিচারকাজ শেষে গত সোমবার এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আলাউদ্দিন ওরফে মুসা এবং সুনামগঞ্জের মো. আজাদ মিয়া ও সোলায়মান নূর।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ে গিজা জেলার বুলাখ আল-ডাকরুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে ওই দুই প্রবাসীকে জিম্মি করে চক্রটি। এরপর তাদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ধারণ করে দেশে থাকা পরিবারের কাছে আট লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে এক বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে প্রবাসীরা জড়ো হয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভুক্তভোগীদের উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
অবৈধভাবে বসবাসের কারণে উদ্ধার হওয়া দুই ভুক্তভোগীকে আগেই সসম্মানে দেশে ফেরত পাঠায় মিশরীয় কর্তৃপক্ষ। তবে জিম্মিকারীদের বিচারকাজ সেখানে অব্যাহত থাকে। প্রবাসীদের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মুসার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছিল, যারা মূলত নতুন যাওয়া প্রবাসীদের টার্গেট করে জিম্মি ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ করত। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির রায়ে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।












