Long Popup (2)
সর্বশেষ

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

6272a45756c41bd8abc4f4e29dbb4fe7 6a09378d81a35ProbashircityWebPopupUpdate

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। আজ সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯তম দিন শেষে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে গত শুক্রবার (১৫ মে) সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের সাধারণ নাগরিকদের জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। কোথাও চাঁদ দেখা গেলে তা অবিলম্বে দেশের চাঁদ দেখা কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে কাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে এক দিন পিছিয়ে ২৮ মে ঈদ পালিত হবে। এর আগে গত ১৩ মে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধানের বিষয়টি জানিয়েছিল।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ ইসলামি দেশে আজ রোববার জিলহজ মাসের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার সুযোগ রয়েছে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলের আকাশে খালি চোখেই পবিত্র এই মাসের চাঁদ দেখা যেতে পারে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবনিকাশ অনুযায়ী আগামীকাল সোমবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসাব সঠিক হলে আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হতে পারে। ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন পালিত হয় এবং ১০ তারিখ মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন ও কোরবানির আনুষ্ঠানিকতা পালন করেন। পাশাপাশি এ মাসেই পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate