সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক প্রবাসী বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ‘ইউএই লেবার্স’ নামের একটি শ্রমিক সংগঠনের তথ্য অনুযায়ী, ফুজাইরাহ প্রদেশের আল রিফা এলাকার একটি কৃষিখামারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে শনাক্ত করে আমিরাতের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয়। এ সময় আকাশ থেকে ড্রোনের ভারী ধ্বংসাবশেষ নিচে ওই খামারে কর্মরত এক বাংলাদেশির ওপর ছিটকে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত ওই প্রবাসী বাংলাদেশির নাম বা বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার পরপরই স্থানীয় জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই খামার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এ ছাড়া জনমনে বিভ্রান্তি এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিয়ে সঠিক খবরের জন্য নাগরিকদের কেবল সরকারি তথ্যের ওপরই নির্ভর করার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।









