সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে ১০০ কোটি ডলার প্রস্তাব দিয়েছে রিয়াদ—এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ইরানের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে এই সমঝোতার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তবে বিপুল অঙ্কের এই অর্থ দেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়, যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সম্প্রতি তেহরান সফর করেছেন। দাবি করা হচ্ছে, তিনি একটি সামরিক বিমানে করে এই ১০০ কোটি ডলার ইরানে নিয়ে যান। এই গোপন আলোচনায় তুরস্ক, পাকিস্তান ও ইরানের শীর্ষ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মূলত সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের টানা হামলার কারণে দেশটির অর্থনীতি বেশ চাপে পড়েছে। পরিস্থিতি সামলাতেই এই সমঝোতার চেষ্টা চলছে। যদিও সৌদি সরকারের দাবি, সামরিক চাপে পড়ে তারা কোনো চুক্তি করছে না; বরং তেহরান সফরের মূল উদ্দেশ্য ছিল সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা কমানো।








