বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার (প্রত্যর্পণ) বিষয়টি মূলত একটি ‘আইনি বিষয়’ বলে জানিয়েছে ভারত সরকার। বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা স্পষ্ট করেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও তাঁর মৃত্যুদণ্ডের রায়সংক্রান্ত কোনো নথি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে কি না এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর জন্য এসব নথির প্রয়োজন রয়েছে কি না। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। এর সঙ্গে আইনি নানা দিক ও প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত।’
এদিন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়েও ভারতের মুখপাত্রকে প্রশ্ন করা হয়। সম্প্রতি হুমায়ুন কবির বলেছিলেন যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তাঁর দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
আরও
এ প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে একটি ‘দূরদর্শী, গঠনমূলক ও ইতিবাচক’ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের এই দ্বিপক্ষীয় সম্পর্কের মূল কেন্দ্রে থাকবে জনগণের পারস্পরিক স্বার্থ এবং বর্তমানে এই নীতির ওপর ভিত্তি করেই বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা পরিচালিত হচ্ছে।








