সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর সেটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল। গত ৩০ সেপ্টেম্বর মাঝআকাশে ওই বিমানের দায়িত্বে থাকা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তাঁর কো-পাইলট। ইসরায়েলি কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, বিমানটি ছিনতাই করে ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আছড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন ওই কো-পাইলট। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর থেকে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি কঠোর নীতি অনুসরণ করে আসছে। যদি কোনো যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের শিকার হয়ে ইসরায়েলের দিকে অগ্রসর হয়, তবে বৃহত্তর ধ্বংসযজ্ঞ এড়াতে সেটি ভূপাতিত করা হয়। ফ্লাইদুবাইয়ের ওই বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে দেড় শতাধিকই ছিলেন ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের নীতিগত অবস্থান হলো, ছিনতাই করা বিমান দিয়ে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় হামলা করলে শত শত মানুষের মৃত্যু হতে পারে। এর বদলে বিমানটি ভূপাতিত করা হলে নির্দিষ্ট সংখ্যক মানুষের মৃত্যু হবে, যা তুলনামূলকভাবে কম ক্ষতিকর।
ইসরায়েলি একটি সূত্র সিবিএসকে এ প্রসঙ্গে জানায়, একটি যাত্রীবাহী বিমান ইসরায়েলের সুপরিচিত আজরেয়েলি ভবন, বিমানবন্দর অথবা গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামোতে আছড়ে পড়ে শত শত মানুষের মৃত্যুর বদলে সেটিকে ভূপাতিত করাকেই অপেক্ষাকৃত ভালো বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। বিমান থেকে যখন ছিনতাইয়ের সংকেত দেওয়া হয়, তখন তাৎক্ষণিকভাবে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ইসরায়েলি যুদ্ধবিমান উড্ডয়ন করে। তবে শেষ পর্যন্ত যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করার নির্দেশ দিতে হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হতো।
আরও
তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। যখন দুই পাইলটের মধ্যে ককপিটে ধস্তাধস্তির ঘটনা ঘটে, তখন বিমানটি সৌদি আরবের আকাশসীমায় অবস্থান করছিল। উদ্ভূত পরিস্থিতিতে বিমানটি শেষ পর্যন্ত সৌদি আরবের তাইফ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই বিমান ছিনতাইয়ের চেষ্টায় কোনো যাত্রীর প্রাণহানি না হলেও হামলায় ক্যাপ্টেন ও তাঁর কো-পাইলট দুজনেই আহত হয়েছেন।









