সর্বশেষ

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর

ImagesWeb Popup (3)

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রিয় মানুষটিকে কি পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব? বিচ্ছেদের পর প্রাক্তনের স্মৃতি মন থেকে মুছে ফেলতে ঠিক কত দিন সময় লাগে—এমন কৌতূহল অনেকেরই। সম্প্রতি এই যুগান্তকারী প্রশ্নের উত্তর খুঁজতে একটি মনস্তাত্ত্বিক গবেষণা পরিচালিত হয়েছে। ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রাক্তনের প্রতি আবেগ ও মানসিক টান পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসতে একজন মানুষের অন্তত ৮ বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের গবেষক জিয়া ওয়াই চং এবং আর. ক্রিস ফ্রালে ৩২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালান। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের সম্পর্কের গড় স্থায়িত্ব ছিল ৪ দশমিক ৬ বছর এবং তাঁদের বিচ্ছেদ ঘটেছিল গড়ে ৫ বছর আগে। পরিসংখ্যানগত মডেলে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে প্রাক্তনের প্রতি মানসিক টান ধীরে ধীরে কমতে থাকে। তবে এই প্রক্রিয়া বেশ ধীর। বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি ভালোবাসার বন্ধন বা অনুভূতি অর্ধেক (৫০ শতাংশ) কমিয়ে আনতেই সময় লাগে প্রায় ৪ দশমিক ১৮ বছর। সেই হিসাবে আবেগ পুরোপুরি শূন্য হতে গড়ে আট বছরের মতো সময় লেগে যায়।

তবে ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সময়সীমা একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, গবেষকেরা দেখেছেন, বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়ানো কিংবা লিঙ্গভেদের (নারী বা পুরুষ) কারণে প্রাক্তনকে ভুলে যাওয়ার গতি বাড়ে বা কমে না। তবে সবচেয়ে বড় প্রভাব ফেলে প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা। যাঁরা বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন, তাঁদের ক্ষেত্রে এই মানসিক বন্ধন দীর্ঘস্থায়ী হয়। এমনকি কিছু মানুষের ক্ষেত্রে বহু বছর পরও প্রাক্তনের প্রতি মানসিক টান থেকে যায়, যা কখনোই পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয় না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup