হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য। বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের তিন ঘণ্টার বেশি সময় ধরে লাগেজের জন্য অপেক্ষা করতে হয়। এ ঘটনায় যাত্রী হয়রানি, মালামাল বুঝিয়ে না দেওয়া ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই চার এমপি।
অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন—শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। লিখিত অভিযোগে তাঁরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানের বিজি৩৩৮ ফ্লাইটটি মদিনা থেকে ঢাকায় অবতরণ করে। এই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ সাধারণ যাত্রীরা ছিলেন। কিন্তু অবতরণের তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বেশির ভাগ যাত্রী তাঁদের ট্যাগযুক্ত লাগেজ হাতে পাননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌক্তিক কোনো কারণ জানানো বা দ্রুত ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।
লাগেজ-বিপত্তির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নিজের ফেসবুক পেজে লিখিত অভিযোগের একটি অনুলিপি প্রকাশ করেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? সাধারণ যাত্রীদের পক্ষ থেকে কর্তব্যে অবহেলার কারণে আমরা চারজন সংসদ সদস্য এই অভিযোগ দাখিল করলাম।’ এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিমান সূত্র জানিয়েছে, যাত্রী ভোগান্তির এই ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।









