ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আলোচনা চলছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি। এখন পর্যন্ত হোয়াইট হাউস বা মার্কিন সরকারের পক্ষ থেকেও এমন কোনো আলোচনার কথা নিশ্চিত করা হয়নি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এক্সে দেওয়া ওই পোস্টে মার্জরি টেলর গ্রিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত বা সীমা আরও শিথিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে এক ভয়াবহ ‘পারমাণবিক বিপর্যয়ের’ দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি ইরান-সংঘাতকে আরও বিস্তৃত করবে। একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই রাজনীতিক বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কড়া সমালোচনা করছেন। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনেও দাবি করা হয়েছে, পেন্টাগন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে বড় ধরনের স্থল অভিযানের কথা ভাবছে এবং যুক্তরাষ্ট্র একটি বৃহত্তর সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে—এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) আগেই জানিয়েছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। এসব অভিযোগের জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে তেহরান। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা এবং মজুত সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে।
আরও
তেহরান শুরু থেকেই পশ্চিমাদের এসব দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের সার্বভৌম অধিকার। তবে দেশটি কড়া ভাষায় সতর্ক করে বলেছে, নতুন করে কোনো হামলার শিকার হলে তারা ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের দিকে অগ্রসর হতে পারে। যদিও এখন পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির মতো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছে তেহরান।










