ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে এক মার্কিন ও এক ইসরায়েলি যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের অপেক্ষমাণ এলাকায় ওই দুই ব্যক্তি একে অপরের ওপর চড়াও হয়েছেন। ইসরায়েলি ওই নাগরিকের অভিযোগ, মার্কিন সহযাত্রী তাকে ‘শিশু হত্যাকারী’ বলে গালাগাল করেন এবং আক্ষেপ করে বলেন যে হিটলার কেন তার কাজ শেষ করে যাননি। সেই মন্তব্যের জের ধরেই দুজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ৫৪ বছর বয়সী মার্কিন নাগরিক কেন্ট স্কট লি এবং ৩৭ বছর বয়সী ইসরায়েলি নাগরিক নোয়াম শিমন রোজেনবার্গ দুজনেই ম্যানিলা থেকে সেবু যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তদন্তকারী ও প্রত্যক্ষদর্শীদের মতে, মার্কিন নাগরিক লি হঠাৎ করেই রোজেনবার্গের ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করেন। রোজেনবার্গের দাবি অনুযায়ী, লি তাকে উদ্দেশ্য করে বলেন, হিটলারের সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু তিনি সব ইহুদিকে মেরে যেতে পারেননি বলে আফসোস হচ্ছে। এমন আক্রমণাত্মক কথা শুনে ক্ষুব্ধ হয়ে রোজেনবার্গ প্রথমে লির ট্রলি ব্যাগে লাথি মারেন এবং পরে তাকে আঘাত করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা মাটিতে পড়ে ধস্তাধস্তি করছেন এবং পরে সাধারণ মানুষ ও বিমানবন্দরের কর্মীরা এসে তাদের আলাদা করেন। তবে মার্কিন নাগরিক লির দাবি, তিনি নিজের মতো কথা বলছিলেন এবং বিনা প্ররোচনায় ওই ইসরায়েলি তার ওপর হামলা চালিয়েছেন। ভিডিওর শেষ অংশে লিকে বলতে শোনা যায়, এই হামলার জন্য ইসরায়েলি ব্যক্তিকে জেলে যেতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে।










