যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বুশেহর বিমানবন্দর সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে এর একেবারে ভিত্তি থেকে সম্পূর্ণ নতুন করে নির্মাণকাজ শুরু করতে হবে।
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে এই হামলার ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, জনগণের সেবার উদ্দেশ্যে কেনা ও সদ্য সংস্কার করা একটি বিমানের ধ্বংসাবশেষ সেখানে পড়ে থাকতে দেখা গেছে। একটি মার্কিন ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানটিতে আঘাত হানলে লেজের সামান্য অংশ ছাড়া সেটির আর কিছুই অবশিষ্ট নেই। এর পাশাপাশি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা হিসেবে পরিচিত বুশেহর আবহাওয়া কেন্দ্রটিও এই হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেন তিনি।

আরও
উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালায়। এর কড়া জবাব হিসেবে তেহরানও দাবি করেছে যে তারা কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ইতিমধ্যেই পাল্টা হামলা চালিয়েছে।









