যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে ইরান। একই ভিডিওর শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকেও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে ফার্সি ভাষায় এই ভিডিওটি প্রকাশিত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, দুই মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প’ বা মেলানিয়া ট্রাম্পকে কীভাবে হত্যা করা যাবে। ভিডিও চিত্রের শুরুতেই নিউইয়র্ক সিটির রাস্তা দিয়ে যাওয়া গাড়ির একটি শোভাযাত্রা এবং আশপাশের কিছু ভবন দেখানো হয়। সেখানে ফার্স্ট লেডির হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতাকে তাঁর প্রাণনাশের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। ছক অনুযায়ী, মেলানিয়ার স্টাইল টিমের কোনো সদস্যকে অর্থের বিনিময়ে হাত করে তিনি কোন ফ্যাশন হাউসে কেনাকাটা করতে যাবেন, সেই তথ্য আগেভাগেই সংগ্রহ করতে হবে।
আরও
ভিডিওতে আরও বলা হয়েছে, তথ্য পাওয়ার পর সম্ভাব্য সেই ফ্যাশন হাউসে গিয়ে মেলানিয়ার পছন্দের পোশাকে ‘নার্ভ এজেন্ট ভিএক্স’ নামের একটি গন্ধহীন তৈলাক্ত তরল ছিটিয়ে দিতে হবে। এই প্রাণঘাতী তরলের সংস্পর্শে এলে পরবর্তী ১৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এমনকি ভিডিওটিতে মেলানিয়ার স্টাইল টিমের সদস্যদের নাম, তাঁর নিরাপত্তায় নিয়োজিত মার্কিন গোয়েন্দা বাহিনীর কোডনেম এবং সম্ভাব্য হামলা থেকে তাঁকে রক্ষার কৌশলগুলোর কথাও বিশদভাবে উল্লেখ করা হয়েছে।
Update Melania and Barron Trump targeted by Iran in disturbing video encouraging their assassination pic.twitter.com/MJuDglyYlh
— Simo Saadi (@Simo7809957085) July 28, 2026
ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে ট্রাম্প দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এটা মাত্র শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা কোরো।’ এদিকে মেলানিয়ার নিরাপত্তায় নিয়োজিত মার্কিন গোয়েন্দা বাহিনী সংবাদ সাময়িকী নিউজউইকের কাছে ভিডিওটি পাওয়ার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, নিরাপত্তা টিমের সদস্যরা বর্তমানে ভিডিওটি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন।









