Long Popup (2)
সর্বশেষ

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

Image 312676ProbashircityWebPopupUpdate

ই-পাসপোর্টের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি, কারিগরি জটিলতা এবং নির্ধারিত সময়ে আবেদন করতে না পারার অভিযোগের পর অবশেষে বিশেষ কনস্যুলার সেবা চালু করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনেই পূর্বনির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ৮০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের আবেদন সম্পন্ন করেছেন।

সম্প্রতি দূতাবাস ই-মেইলের পরিবর্তে ওয়েবসাইটভিত্তিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছিল। তবে সীমিতসংখ্যক স্লট এবং একযোগে বিপুলসংখ্যক ব্যবহারকারীর প্রবেশের কারণে অনেক প্রবাসীই সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে ব্যর্থ হন। কেউ ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি, আবার কেউ ই-মেইলে আবেদন করার পরও দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। এর নেতিবাচক প্রভাব পড়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও। বিশেষ করে স্থানীয় প্রেফেকচারে (Préfecture) রেসিডেন্স পারমিট নবায়ন বা অন্যান্য জরুরি প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমা সামনে থাকায় অনেক আবেদনকারী চরম উদ্বেগ ও ভোগান্তির মুখে পড়েন।

প্রবাসীদের এই দীর্ঘদিনের অভিযোগ ও চরম বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রথম ধাপে ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট—এই তিনটি শনিবার বিশেষ কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। এই দিনগুলোতে কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল জানান, প্রথম দিনেই ৮০ জনের বেশি আবেদনকারীকে নির্বিঘ্নে সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি আগে যাঁরা ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের আবেদনও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দূতাবাসের এই কর্মকর্তা জানান, একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করলে সাময়িক কারিগরি সমস্যা দেখা দিতে পারে। সাইটটিকে আরও সহজ, কার্যকর এবং প্রবাসীবান্ধব করার জন্য আইটি টিমের সঙ্গে সমন্বয় করে ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। এদিকে দূতাবাসের এই বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রমে স্থানীয় বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, সিরিয়াল ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধাপে সহায়তার মাধ্যমে পুরো কার্যক্রমকে আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তাঁরা দারুণ সহযোগিতা করেন।

দূতাবাসের এই সময়োপযোগী উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। তবে তাঁদের প্রত্যাশা, বিশেষ কনস্যুলার সেবা শুধু সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থেকে নিয়মিত ও স্থায়ী সমাধানের অংশ হবে। একই সঙ্গে একটি কার্যকর টেলিফোন হেল্পলাইন চালু, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব করা এবং প্রয়োজন অনুযায়ী কনস্যুলার সেবায় জনবল বাড়ানোর জোর দাবিও জানিয়েছেন তাঁরা। প্রবাসীদের মতে, এসব সুনির্দিষ্ট পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে ই-পাসপোর্ট সেবা আরও সহজ হবে এবং তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির চিরস্থায়ী অবসান ঘটবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate