Long Popup (2)
সর্বশেষ

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

Image 292340ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি মাটিতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলেও ভেতরে থাকা চারজন ক্রু সদস্য প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় সময় গত রোববার (১৭ মে) দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে আয়োজিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে।

56

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আকাশে মহড়া প্রদর্শনের সময় ইউএস নেভির দুটি ইএ-১৮জি (EA-18G) যুদ্ধবিমানের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পরপরই চারজন ক্রু সদস্য জরুরি বহির্গমন বা ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে তাঁদের প্যারাসুটে করে নিরাপদে নিচে নামতে দেখা যায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, চারজনই বর্তমানে স্বাভাবিক রয়েছেন এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে তাঁরা কোনোভাবে আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুর্ঘটনার পরপরই বিধ্বস্ত যুদ্ধবিমান দুটি থেকে প্রচণ্ড আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই ঘটনার জেরে বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এয়ার শোর বাকি সব কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত চারজন বিমানচালক ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ভিএকিউ-১২৯ (VAQ-129)-এর সদস্য ছিলেন। তাঁরা নৌবাহিনীর দুটি ইএ-১৮জি জেটে করে মহড়া দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই চারটি প্যারাসুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়।

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, তিনি পাশের একজনকে বলতে শুনেছিলেন, ‘ওগুলো পড়ে যাচ্ছে’। পরে ফিরে তাকিয়ে দেখেন চারজন প্যারাসুটে নিচে নামছেন এবং দূরে কালো ধোঁয়া উড়ছে। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারীরা কাজ করছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এর আগে শনিবার এয়ার শোর প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিনের এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ অধিবাসীদের বিমানঘাঁটির দিকে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate