ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও সেনা অবস্থান লক্ষ্য করে একাধিক রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তাদের চালানো এসব হামলা সফল হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হামলার বিষয়ে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের আদামিত বসতিতে থাকা সামরিক অবকাঠামো লক্ষ্য করে রকেট ছুড়েছে। এর পাশাপাশি মেতুলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানের ওপর একযোগে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী ওদাইসেহ শহরের আল-আওয়াইদা পাহাড়ে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত (গাইডেড) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার কথাও জানিয়েছে ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠী।
বিবৃতিতে হিজবুল্লাহ আরও দাবি করেছে, বিন্ত জুবাইল এলাকার আল-ইশরাক স্কুলের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও আলাদা ড্রোন হামলা চালানো হয়েছে। তবে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর দাবির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসব হামলার ঘটনার পর থেকে ওই সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।










