কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ করা বিপুল পরিমাণ সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর বিপরীতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় ওই কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাঁরা রয়টার্সকে জানান, সম্পদ ছাড় করার এই পুরো বিষয়টি সরাসরি হরমুজ প্রণালির নিরাপত্তার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ঠিক কী পরিমাণ সম্পদ অবমুক্ত করতে রাজি হয়েছে, তা প্রথম সূত্রটি নির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে ইরানের অপর একটি সূত্র জানিয়েছে, কাতারের ব্যাংকে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের তহবিলটি ছাড়তে সম্মত হয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এই তহবিলের মূল উৎস ছিল দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের জ্বালানি তেল বিক্রির অর্থ। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল করে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে ওই অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকে আটকে যায়। পরে দীর্ঘ দেনদরবার শেষে ২০২৩ সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় হওয়া এক বন্দী বিনিময় চুক্তির আওতায় এই অর্থ কাতারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। ওই চুক্তিতে ইরানে বন্দী পাঁচ মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে এই তহবিল ছাড় এবং যুক্তরাষ্ট্রে বন্দী পাঁচ ইরানিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে সময় মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছিলেন, অবমুক্ত হওয়া এই অর্থ কেবল মানবিক উদ্দেশ্যে যেমন—খাদ্য, ওষুধ ও কৃষিপণ্য ক্রয়ের জন্য মার্কিন ট্রেজারি বিভাগের কড়া নজরদারিতে খরচ করা যাবে।
আরও
চুক্তি অনুযায়ী ২০২৩ সালেই এই ৬ বিলিয়ন ডলার ইরানের হাতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তহবিলটি আবারও জব্দ করে। তখন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, অদূর ভবিষ্যতে ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না এবং প্রয়োজনে পুরো হিসাবটি সম্পূর্ণ জব্দ করার অধিকার ওয়াশিংটন রাখে। তবে হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার মাঝে এই সম্পদ ছাড়ের বিষয়টি নতুন করে সামনে এল।










