বেশি ফলোয়ার ও ভিউ পাওয়ার লোভে তরুণীর ছদ্মবেশে ভিডিও বানিয়ে টিকটকে প্রচার করতেন মিশরের এক যুবক। ‘ইয়াসমিন’ নামের সেই টিকটকার সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বোল নিউজ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই টিকটকার মূলত ১৮ বছর বয়সী ছাত্র আবদুল রহমান। তিনি ‘ইয়াসমিন’ নাম ব্যবহার করে ভিডিও আপলোড করতেন। অনুপযুক্ত কনটেন্ট ছড়ানোর অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমান স্বীকার করেন, ফলোয়ার বাড়ানো, ভিউ সংগ্রহ ও বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তিনি এই কৌশল নিয়েছিলেন।
তার এই স্বীকারোক্তি অনলাইন জগতে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অস্বাভাবিক প্রতিযোগিতা ও বিভিন্ন কৌশলের বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ ও জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আরও
তদন্তের অংশ হিসেবে আবদুল রহমানের ফোন ও সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট জব্দ করা হয়। চার দিনের পুলিশ হেফাজতের পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ড জামিনে মুক্তি পান তিনি।
তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তাদের কাছে আবদুল রহমান একজন সাধারণ তরুণ হিসেবেই পরিচিত ছিলেন। তাকে কখনো সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত দেখা যায়নি।











