চলতি বছর বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধার্থে আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদিত মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ সরকার।

নির্ধারিত অভিবাসন ব্যয় ও এজেন্সিগুলোর দৌরাত্ম্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা নেওয়ার কথা বলে, তবে এটি সরকার নির্ধারিত নয়; এটি তাদের নিজস্ব ভাষ্য। তারা যদি নিজেদের দেওয়া ওই সীমার মধ্যেও থাকত, তাহলেও সাধারণ কর্মীদের এতোটা ভোগান্তির শিকার হতে হতো না।”
আরও
এদিকে, সাধারণ কর্মীদের জন্য আশার আলো হয়ে সম্পূর্ণ বিনা খরচে সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিশাল এক কার্যক্রম শুরু করেছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানিতে ১১২ জন কর্মীর নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।
এর পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র (ডিমান্ড লেটার) হাতে পেয়েছে বোয়েসেল। এর ফলে দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত খরচের ফাঁদ এড়িয়ে বৈধ এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় গিয়ে ভাগ্য বদলের এক নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে হাজারো বাংলাদেশি কর্মীর জন্য।








