মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ থাকা মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে কেলান্তানের তানাহ টিঙ্গি লজিং এলাকার একটি সবজিক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে ওই তরুণের বাংলাদেশের বিস্তারিত ঠিকানা এখনো প্রকাশ করা হয়নি।
মালয়েশিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) কে-নাইন ইউনিটের ‘ফ্রাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর প্রথমে মাটির নিচে ওই তরুণের মরদেহের অবস্থান শনাক্ত করে। এরপর রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, কুকুরের সুনির্দিষ্ট সংকেত পাওয়ার পর স্কেভেটর দিয়ে সাবধানে খননকাজ চালিয়ে মাটির নিচ থেকে ফাহাদের মরদেহটি বের করে আনা হয়।
দুর্ঘটনাস্থল ওই সবজিক্ষেতে পরিচালিত এই বিশেষ অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অভিযানে জেবিপিএমের ২০ জন ফায়ার সার্ভিস সদস্য, বিশেষ স্টর্ম (STORM) টিম এবং কে-নাইন ইউনিটের তিনটি কুকুর অংশ নেয়। উদ্ধার অভিযান শেষে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ফাহাদের মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










