ইরানের রাজধানী তেহরানে এক দোকানির চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কারণ, এই দোকানির চেহারার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অদ্ভুত মিল রয়েছে। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় হাস্যরসের পাশাপাশি তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এমনকি কেবল চেহারার মিল থাকার কারণে নির্দোষ ওই দোকানিকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেক নেটিজেন।
আজারনিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি তেহরানের একটি দোকানের মালিক, যেখানে শুকনো ফল, বাদাম ও মিষ্টিজাতীয় পণ্য বিক্রি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দোকানের ওজন মাপার যন্ত্রের পেছনে বসে থাকতে দেখা যায়। তার মুখের গড়ন, চুলের রেখা এবং অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর হুবহু মিল খুঁজে পান অনেকে। এরপরই ভিডিওটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ তার দোকানের খোঁজ নিতে শুরু করেন, আবার অনেকেই চেহারার মিল তুলে ধরে নতুন নতুন ভিডিও তৈরি করে শেয়ার করেন।
তবে বিষয়টি শুধু মজার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চেহারায় নেতানিয়াহুর ছাপ থাকায় ওই দোকানিকে বয়কটের আহ্বান জানিয়েছেন বেশ কিছু মানুষ, যার নেতিবাচক প্রভাব পড়েছে তার ব্যবসায়। বিনা অপরাধে এমন পরিস্থিতির শিকার হয়ে ওই দোকানি চরম অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত ওই ভিডিওর মূল উৎস বা ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মাঝে এই ঘটনাটি নেট দুনিয়ায় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।










