যেকোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। আজ রোববার (১৬ আগস্ট) বার্তা সংস্থা ওয়ানা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমির হাতামি ঘোষণা দিয়েছেন যে কোনো ইরানি নাগরিক একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে সক্ষম হলে তাঁকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, পুরস্কারের এই অর্থ মূলত ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ প্রদান করা হবে।
এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন ইরানের বিভিন্ন কর্মকর্তা। গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫ কোটি (৫০ মিলিয়ন) ইউরো পুরস্কার দেওয়ার কথা উল্লেখ রয়েছে।











