‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা যাবে না, এমনকি বন্ধুদেরও বাড়িতে আনা যাবে না—সামাজিক অবক্ষয় ঠেকাতে এমনই অদ্ভুত ও হাস্যকর পরামর্শ দিয়ে তোপের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বিজেপি নেতা। তাঁর দাবি, সমাজের নানা অনাচার বন্ধ করতে ‘বৌদি-ভাবি’ ও ‘বন্ধু কালচার’ পুরোপুরি বিলুপ্ত করতে হবে।
জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদের বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়ায় বিজেপির এক সভায় এই বিতর্কিত মন্তব্য করেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বৌদি বা ভাবি কালচার বন্ধ করতে হবে। এর কারণেই সমাজে অনেক খারাপ বিষয় তৈরি হয়। একেবারে আপন দেওর বা মামাতো-পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বৌদি বলবে না। বয়সে বড় হলে তাকে দিদি এবং ছোট হলে বোন বা নাম ধরে ডাকতে হবে।’
শুধু ‘বৌদি কালচার’ বন্ধের আহ্বানই নয়, তরুণ প্রজন্মকে বন্ধুদের বাড়িতে না আনারও পরামর্শ দিয়েছেন এই নেতা। তিনি বলেন, ‘কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে যাবেন না। বন্ধু বাড়িতে আসতে চাইলে তাকে বলবেন চায়ের দোকানে বা মন্দিরে গিয়ে বসতে। যেসব জায়গা থেকে সামাজিক অবক্ষয় ঘটছে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। তাহলেই সমাজের হাজারো উৎপাত ও খারাপ বিষয় ধ্বংস হবে।’ পাশাপাশি, কোনো পরিবারের ছেলে যদি বাবা-মায়ের দেখভাল না করে, তবে প্রবীণদের সেই খাবার ও ওষুধের ব্যবস্থা তিনি নিজে করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
আরও
বিষ্ণুচরণ শিকদারের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা ও হাসাহাসি। কটাক্ষের মুখে পড়েছে বিজেপির সামাজিক ও পারিবারিক অবস্থানও। তবে বিতর্ক বাড়তে থাকায় বিজেপির জেলা নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণ বিষ্ণুচরণের ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের কোনো আনুষ্ঠানিক অবস্থান বা সম্পর্ক নেই।










