হঠাৎ করেই প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আগামী কয়েক দিন এই অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। উদ্ভূত বৈরী আবহাওয়ার কারণে পুরো দিল্লি জুড়ে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অপ্রত্যাশিত এই বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে যারা আনন্দে মেতে বাইরে বের হয়েছিলেন, তারা হঠাৎ এই মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া শুরু হলে পরিস্থিতি সামাল দিতে না পেরে দর্শনার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার জনজীবন একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়ে।
আরও
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) দেওয়া তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটার মধ্যে দিল্লির পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নাজাফগড়ে দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।











