Long Popup (2)
সর্বশেষ

সাপ কামড়ালে কী করবেন? শেখাতে শেখাতেই সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ে’র

ImageCity

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সাপ উদ্ধার করতে গিয়ে বিষধর সাপের ছোবলে তপন সিংহ (৫৪) নামের এক ‘সর্পবন্ধু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় গাড়িচালক হলেও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে সাপ উদ্ধার এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার কাজ করতেন। গত সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিঃস্বার্থভাবে কাজ করা এই সর্পবন্ধুর মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় কুকুরমুড়ি এলাকার একটি বাড়িতে সাপ ঢোকার খবর পেয়ে সেখানে ছুটে যান সদর ব্লকের ধেড়ুয়া এলাকার বাসিন্দা তপন সিংহ। প্রথমে তিনি সফলভাবে একটি সাপ উদ্ধার করেন। এর কিছুক্ষণ পরই ওই একই এলাকায় আরও একটি বড় আকারের সাপ বের হওয়ার খবর পেয়ে সেটিও ধরতে যান তিনি। ক্যাচারের সাহায্যে ধরে সাপটিকে একটি কৌটোয় ঢোকানোর সময় সেটি আচমকা তাঁর আঙুলে কামড়ে ধরে। সাপটি বেশ কিছুক্ষণ আঙুল কামড়ে ধরে রাখায় সেটিকে ছাড়াতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়।

সর্পদংশনের শিকার হওয়ার পরও সাহসিকতার সঙ্গে সাপটিকে কৌটোয় বন্দি করেন তপন। এরপর নিজের গাড়িতে পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু পথিমধ্যেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সাপে কামড়ানোর প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের মাথায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সর্প বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, সাপটি দীর্ঘক্ষণ আঙুল কামড়ে ধরে রাখায় তপনের শরীরে অতিরিক্ত মাত্রায় বিষ প্রবেশ করেছিল, যা তাঁর দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

জানা গেছে, ঘটনার সময় সেখানে উপস্থিত কয়েকজন উৎসুক মানুষ সাপ উদ্ধারের দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করছিলেন, যেখানে সাপের কামড়ের মুহূর্তটিও ধরা পড়েছে। মর্মান্তিক বিষয় হলো, সাপটিকে কৌটোয় ভরার সময়ও তিনি উপস্থিত লোকজনকে বর্ষাকালে সাপের উপদ্রব থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছিলেন। নিজে সাপ না মেরে বন দপ্তর বা অভিজ্ঞ উদ্ধারকারীদের খবর দেওয়ার অনুরোধও জানাচ্ছিলেন তিনি। সাধারণ মানুষকে বিপদমুক্ত করতে গিয়ে প্রাণ হারানো এই ব্যক্তির এমন আকস্মিক বিদায়ে শোকাচ্ছন্ন স্থানীয় বাসিন্দারা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate