সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে বোমাতঙ্কের জেরে আহমেদাবাদে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। মাঝ আকাশে উড়োজাহাজটির শৌচাগারে টিস্যু পেপারে ‘বোমা’ লেখা একটি চিরকুট দেখতে পেয়ে কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে পাইলটকে সতর্ক করেন। পাইলটের জরুরি বার্তার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনায় ফ্লাইটটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে অবতরণের পরপরই উড়োজাহাজটিকে মূল টার্মিনাল থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা নিরাপত্তা ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলেন। ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল-২ এ সরিয়ে নেওয়া হয়। এরপর কেবিন, কার্গো হোল্ডসহ উড়োজাহাজটির প্রতিটি স্থানে নিবিড় তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া যায়নি।
পুরো তল্লাশি শেষে উড়োজাহাজটিকে আবারও উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে এবং সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা মেনেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে টিস্যু পেপারে বোমার ওই ভুয়া হুমকি কে বা কারা লিখেছিল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।











