ভারতের কর্ণাটক রাজ্যে কর্তব্যরত এক নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার মেয়ের বিরুদ্ধে। তবে চুপ না থেকে ওই নারী পুলিশ কর্মকর্তাও তাঁকে পাল্টা থাপ্পড় দিয়েছেন। গত ১২ আগস্ট মান্ডিয়া জেলার আরাথি উক্কাদা মন্দিরে ঘটা এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ভারতজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এ ঘটনার বিস্তারিত তথ্য জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই মন্দিরে বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সবিতা বি। মন্দিরে দর্শনের জন্য অপেক্ষা করা নিয়ে তুমাকুরু রুরাল আসনের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঐশ্বরিয়া নারী পুলিশ কর্মকর্তা সবিতাকে গালিগালাজ করেন এবং হঠাৎ তাঁর মুখে চড় বসিয়ে দেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চড় খাওয়ার পরপরই সবিতাও তাঁকে পাল্টা থাপ্পড় দেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্য ও উপস্থিত লোকজন এগিয়ে এসে দুজনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর ঐশ্বরিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) আওতায় সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা, হামলা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান ও অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌতমের স্ত্রী ঐশ্বরিয়াও পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে, ওই নারী পুলিশ কর্মকর্তাই তাঁকে আগে গালিগালাজ করেছিলেন। মান্ডিয়ার পুলিশ সুপার মাল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে দুই পক্ষের অভিযোগই অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।










