ওমানে ভুয়া নিয়োগ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্মীদের নিজেদের চাকরি ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রতিষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রে সেটি যেন প্রকৃত কাজের ওপর ভিত্তি করে হয়, তা যাচাই করার তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক নির্দেশনায় মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানে প্রকৃত নিয়োগ বা কাজের সম্পর্ক না থাকলে সেখানে নিজের পরিচয়পত্র বা কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অনেকেই কোনো প্রতিষ্ঠানে কাজ শুরু না করেই সেখানে শুধু কর্মী হিসেবে নিবন্ধিত থাকেন। এই ধরনের কাল্পনিক বা ভুয়া নিয়োগের বিষয়ে সতর্ক করে মন্ত্রণালয় বলেছে, যেসব প্রতিষ্ঠানের অধীনে কর্মীরা নিবন্ধিত হয়েছেন, সেখানে তারা সত্যিই কাজ শুরু করেছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
নিজের অজান্তে বা সম্মতি ছাড়াই নিয়োগসংক্রান্ত কোনো তথ্য যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কর্মীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মীদের বর্তমান ও ভবিষ্যতের কর্মজীবনের অধিকার রক্ষায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের কর্মসংস্থানের প্রকৃত তথ্য রেকর্ডে ঠিকমতো উল্লেখিত আছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব কর্মীদেরই নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।











