পাঁচ সন্তানের জননী স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী নিজেই। বিরল এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে। শুধু বিয়ের আয়োজন করেই থেমে থাকেননি ওই ব্যক্তি, সেই বিয়েতে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে বিদায়ও জানিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
পারিবারিক সূত্র ও স্থানীয় গ্রামপ্রধানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। তবে কয়েক মাস আগে ২৬ বছর বয়সী যুবক অবধেশের সঙ্গে ফুলমতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী–স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। এর মধ্যে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে এলেও দাম্পত্য কলহ থামেনি।
প্রতিদিনের এই অশান্তি থেকে মুক্তি পেতে একপর্যায়ে বুদ্ধিরাম এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। তিনি ভেবে দেখেন, স্ত্রী যেহেতু অবধেশের সঙ্গেই থাকতে চান, তাই তাঁর সঙ্গে বিয়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। এরপর গত মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়।
আরও
স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে মন্দিরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামী বুদ্ধিরাম নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতি মেনে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে বিদায় জানান। এ বিষয়ে সাংবাদিকদের বুদ্ধিরাম বলেন, ২১ বছর আগে ফুলমতিকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু স্ত্রী আর তাঁর সঙ্গে থাকতে চায় না। প্রতিদিনের এই পারিবারিক অশান্তির মধ্যে তিনি আর থাকতে চান না বলেই ফুলমতি যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।









