Long Popup (2)
সর্বশেষ

পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

1784970490 1c7e89c3694f352a9c98241cec343367ProbashircityWebPopupUpdate

মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগের জেরে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর টানা বিক্ষোভ ও প্রবল চাপের মুখে শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এই সিদ্ধান্ত তাঁর কোনো ব্যক্তিগত মর্যাদার লড়াই নয়, বরং দেশের বৃহত্তর স্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে।

এক্সে দেওয়া ওই বার্তায় ধর্মেন্দ্র প্রধান তাঁর চার দশকের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষার অনিয়ম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পরিস্থিতি এড়িয়ে যাননি, বরং প্রথম দিন থেকেই পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দ্রুততম সময়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া, পরীক্ষা বাতিল করে নতুন তারিখ ঘোষণা এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পরীক্ষা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি নিয়েছিলেন। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য প্রশাসনের যৌথ প্রচেষ্টায় গত ২১ জুন ২০ লক্ষাধিক শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ১৬ জুলাই প্রকাশিত ফলাফলে অনেক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী অভাবনীয় সাফল্য পেয়েছে।

পদত্যাগের মূল কারণ হিসেবে তিনি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি জানান, যন্তর মন্তরসহ সারা দেশে চলমান এই বিক্ষোভ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি যেন ফায়দা লুটতে না পারে এবং জাতীয় ঐক্য যেন অটুট থাকে, মূলত সেই বিবেচনা থেকেই তিনি পদ ছেড়েছেন। কোনো ভারতীয় শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় নষ্ট না হয় এবং তারা নির্বিঘ্নে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেটি নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। বিদায়বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য পদত্যাগী এই মন্ত্রী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate