ভারতের কলকাতা বিমানবন্দর-সংলগ্ন নিমতা এলাকা থেকে আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে গতকাল রোববার (১৭ মে) তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে টাকার বিনিময়ে এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে শাহিদুল ইসলাম নামের এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন এবং নিমতার ফতুল্লাপুর এলাকায় আরও কয়েকজন বাংলাদেশির অবৈধভাবে অবস্থানের তথ্য দেন। এই তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে শাহিদুল ইসলামের বাড়ি থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকালই স্থানীয় ব্যারাকপুর আদালতে হাজির করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দালালদের টাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর থেকে তাঁরা ফতুল্লাপুরে শাহিদুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একাধিক ভারতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, জন্মসনদ ও ডেবিট কার্ড রয়েছে। এ ছাড়া তাঁদের কাছে বাংলাদেশের কোভিড টিকার সনদও পাওয়া গেছে।
আরও
গ্রেপ্তার হওয়া আট বাংলাদেশি নাগরিক হলেন সুমন গাইন, বাহারুল মণ্ডল, আবদুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি এবং সুমি বিবি। ভারতে তাঁদের অনুপ্রবেশের পুরো চক্রটি এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে গ্রেপ্তার ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।









