ভারতের শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র দিব্যেন্দু প্রামাণিক সম্প্রতি আইসিএসই (ICSE) বোর্ড পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে সর্বভারতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ছেলের এই অসামান্য সাফল্যে চারদিকে যখন প্রশংসার বন্যা, ঠিক তখনই মাত্র এক নম্বর কম পাওয়া নিয়ে তার মায়ের করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অসাধারণ এই ফলাফলের পরও মায়ের এমন আক্ষেপ মেশানো মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
দিব্যেন্দুর মা বাণী প্রামাণিক শর্মা পেশায় একজন স্কুলশিক্ষিকা। ছেলের এই চোখধাঁধানো ফলাফলের পর গর্বের পাশাপাশি হতাশা ব্যক্ত করে তিনি সংবাদমাধ্যমের কাছে একটি মন্তব্য করেন, যার ভিডিও মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাঁকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, “আমার মন খারাপ… ও যদি আরও এক নম্বর পেত, তাহলে ভালো হতো। যদি ও আরেকটু মন দিয়ে পড়াশোনা করত, তাহলে হয়তো ওই এক নম্বর না পাওয়ার জন্য আমাদের এতটা দুঃখ হতো না।”
আরও
মায়ের এই ‘তিক্ত-মধুর’ মন্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনরা মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। মন্তব্যের ঘরে অনেকেই বাণী প্রামাণিক শর্মার তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী আক্ষেপ করে লিখেছেন, “এমন বাবা-মা যেন আমার জীবনে কখনো না আসে।” আরেকজন লিখেছেন, “এ কারণেই আমার ছেলে বৃদ্ধ বয়সে আমার সাথে কথা বলে না।” সব মিলিয়ে শিক্ষার্থীদের ওপর অভিভাবকদের আকাশচুম্বী প্রত্যাশা ও মানসিক চাপ নিয়ে নতুন করে সামাজিক বিতর্কের সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।
তবে চারপাশের এত আলোচনা ও বিতর্কের মাঝেও দিব্যেন্দু নিজে অত্যন্ত শান্ত ও পরিণত প্রতিক্রিয়া দেখিয়েছে। ভাইরাল হওয়া ওই একই ভিডিওতে সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানায়, “ওই এক নম্বর হারানোর কারণে আমারও কিছুটা খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। আমি ভালোই করেছি।” ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর সূত্রমতে, নিজের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা সম্পর্কে দিব্যেন্দু জানিয়েছে, সে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায় এবং ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি (IIT)-তে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করবে।











