ভারতের একটি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এটিএম বুথে আস্ত একটি ঘোড়ার হামলার অদ্ভুত ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাসির জন্ম দিয়েছে। ভিডিওটি দেখে অনেকেই রসিকতা করে বলছেন, ঘোড়াটির হয়তো জরুরি কোনো প্রয়োজনে এটিএম থেকে টাকা তোলার দরকার পড়েছে। আবার কেউ কেউ মজা করে বিষয়টিকে ‘চুরির ধান্দা’ বলেও মন্তব্য করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রাস্তার পাশে অবস্থিত একটি এটিএম বুথের কাচের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বাদামি রঙের ঘোড়া। কোনো এক অজ্ঞাত কারণে ঘোড়াটি প্রাণপণে এটিএম বুথের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনের দুই পা বুথের সিঁড়ির ওপর তুলে শরীরের পুরো জোর দিয়ে কাচের দরজায় ক্রমাগত ঢুঁস মেরে চলেছে প্রাণীটি।
ব্যস্ত রাস্তার পাশে একটি ঘোড়ার এমন অদ্ভুত ও আক্রমণাত্মক কাণ্ড দেখে মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। সারি ধরে দাঁড়িয়ে পথচারীরা অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখতে থাকেন এবং অনেকেই তা মোবাইল ক্যামেরায় ধারণ করতে শুরু করেন। কিন্তু ঘোড়াটি উপস্থিত জনতার কাউকেই যেন বিশেষ পাত্তা দিচ্ছিল না। সে নিজের খেয়ালে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা-নামা করতে করতে লাগাতার দরজায় আঘাত করতে থাকে।
আরও
ঘোড়াটির এই অবিরাম চেষ্টার একপর্যায়ে শেষমেশ এটিএম বুথের দরজাটি খুলেও যায়। তবে দরজা খোলার পর ভেতরে ঢুকে ঘোড়াটি কী করেছে বা শেষ পর্যন্ত তাকে কীভাবে সেখান থেকে নিরাপদে সরানো হয়েছে, তা ভিডিও বা প্রতিবেদনে স্পষ্টভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন পশু-পাখির নানা মজার ভিডিও ভাইরাল হলেও, আস্ত একটি ঘোড়ার এটিএম বুথে প্রবেশের এই অদ্ভুত ও হাস্যকর প্রচেষ্টা নেটাগরিকদের বেশ অবাক করেছে।










