ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইতালিতে আবারও কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিক। শ্রমবাজারের চাহিদা মেটাতে ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের বিশাল কোটা ঘোষণা করেছে ইতালি সরকার। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। এছাড়া অমৌসুমি কোটার আওতায় ১৪ হাজার কর্মীকে বিশেষত পারিবারিক পরিচর্যা খাতে নিয়োগ দেওয়া হবে। মূলত কৃষি, পর্যটন ও গৃহস্থালির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এসব কর্মীর কাজের সুযোগ থাকছে।
ইতালিতে যাওয়ার এই আবেদন প্রক্রিয়াটি পরিচালিত হবে ফ্লো ডিক্রির আওতায়, যেখানে মূল ভূমিকা পালন করবেন স্বয়ং নিয়োগকর্তা। ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মীর চাকরির চুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এএলআই’ (ALI) পোর্টালে জমা দিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদনের প্রাথমিক তথ্য পূরণের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। মনে রাখতে হবে, কেবল নির্ধারিত কোটা থাকলেই কেউ সরাসরি ভিসা পাবেন না, নিয়োগকর্তার মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা বাধ্যতামূলক।
কর্মী নিয়োগের পাশাপাশি বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে সম্পূর্ণ বিনা খরচে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে ইতালি। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদামতো এই প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কড়া সতর্কতা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করলে ভিসা বাতিল করা হবে। তাই প্রতারকদের ফাঁদে পা না দিয়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।










