Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরব

Prothomalo bangla 2026 11 12 jehvbcnn Almas 2Web Popup (3)

নামের অদ্ভুত মিলের কারণে দীর্ঘ ২২ বছর ধরে এক ভয়ংকর আইনি জটিলতা ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন ঢাকার দোহারের যুবক মো. আলমাস। কোনো অপরাধ না করেও একটি অস্ত্র মামলায় তাঁকে বারবার হয়রানির মুখে পড়তে হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ৪ নভেম্বর কাজ শেষে বাড়ি ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘ এক বছর বিনা দোষে কারাভোগের পর গত ১০ নভেম্বর উচ্চ আদালতের নির্দেশে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তবে এই এক বছরে তাঁর সাজানো জীবন ও প্রবাসের স্বপ্ন পুরোপুরি তছনছ হয়ে গেছে।

জানা যায়, ২০০২ সালে মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার প্রকৃত আসামি ছিলেন দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন। ১০ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামি জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যান। কিন্তু নিজের নাম এবং বাবার নামের (শেখ খলিল) আংশিক মিল থাকায় পুলিশের খাতায় ফেঁসে যান মো. আলমাস। ২০০৪ সালে শিশু বয়সে এবং ২০১৮ সালেও তাঁকে আটক করা হয়েছিল। নিজেকে আলাদা মানুষ ও নির্দোষ প্রমাণ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিলেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রেহাই পাননি তিনি।

পরিবারের ভাগ্য ফেরাতে ইলেকট্রিশিয়ানের কাজ করে জমানো অর্থ ও ঋণের টাকায় সৌদি আরবের ভিসা পেয়েছিলেন আলমাস। এ জন্য তাঁর খরচ হয়েছিল সাড়ে ৪ লাখ টাকা। কিন্তু বিদেশে যাওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাগারে কাটানো দিনগুলোতে তাঁর স্ত্রী বন্যা আক্তার দুই সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে চরম অমানবিক জীবন পার করেন। জেলখানায় থাকা অবস্থায় অন্য বন্দীদের মাধ্যমে দেশের গণমাধ্যমে তাঁর এই হয়রানির খবর প্রকাশের কথা জানতে পারেন আলমাস, যা তাঁকে নতুন করে মুক্তির আশা জোগায়।

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্তি মিললেও আলমাসের জীবনের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। বিনা অপরাধে জেল খাটার কারণে তাঁর সৌদি আরবের ভিসাটি বাতিল হয়ে যায়। একদিকে বিশাল ঋণের বোঝা, অন্যদিকে শারীরিক ও মানসিক বিপর্যয়ে চরম হতাশাগ্রস্ত এই যুবক। জীবনে না করা এক অপরাধের জন্য ২২ বছরের হয়রানি, ভেঙে যাওয়া স্বপ্ন আর এক বছর কারাবাসের যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দাবি করেছেন মো. আলমাস।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)