বাবার দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে কনে আনতে গেলেন সৌদিপ্রবাসী এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন জীবনসঙ্গিনীকে নিয়ে আকাশপথেই ফিরলেন নিজ বাড়িতে। ব্যতিক্রমী এই রাজকীয় বিয়ের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চারিপাড়া গ্রামে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। বর-কনেকে একনজর দেখতে এবং হেলিকপ্টারের ওড়াউড়ি উপভোগ করতে স্থানীয় স্কুল মাঠে ভিড় জমান হাজারো উৎসুক জনতা।
বুধবার দুপুরে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে বরযাত্রীবাহী এই হেলিকপ্টার। বর মো. শাহ জালাল পার্শ্ববর্তী বাঙ্গরা উপজেলার সোনাকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন সৌদিপ্রবাসী। অন্যদিকে কনে নাহিদা ইসলাম চারিপাড়া গ্রামের ব্যবসায়ী খুরশিদ আলমের মেয়ে। বিয়ের এই রাজকীয় আয়োজন দেখতে এদিন আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সব বয়সের মানুষ বিদ্যালয় মাঠে ছুটে আসেন।
ছেলের বিয়ের এই অভিনব আয়োজন নিয়ে বরের বাবা জয়নাল আবেদীন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ের পিঁড়িতে বসাবেন—এটি তার জীবনের একটি বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে বর শাহ জালাল বলেন, বাবার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পেরেই তার এই আয়োজন। নতুন জীবনের পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন এই নবদম্পতি।









