চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে হঠাৎ দেখা মিলেছে বিশাল এক অজগরের। প্রায় ১৪ ফুট লম্বা এই সাপটি দেখে প্রথমে সবাই আতঙ্কিত হলেও পরে সাবধানে উদ্ধার করা হয়। সোমবার রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের ‘সন্ধ্যা জুয়েলার্স’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয়রা জানান, খাবারের খোঁজে ওই বন থেকে প্রায়ই লোকালয়ে অজগর চলে আসে। তবে এত বড় সাপ এর আগে কখনো দেখা যায়নি। সোমবার রাতে শোকেসে সাপটি ঝুলতে দেখে স্থানীয়রা কৌশলে সেটিকে নিচে নামিয়ে আনেন। মুহূর্তেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজিব বণিক জানান, হঠাৎ এত বড় সাপ দেখে তিনি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। পরে মঙ্গলবার সকালে সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, উদ্ধার হওয়া বিশাল এই অজগরটিকে স্থানীয় রাম পাহাড়ে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।











