হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর জুতার মধ্য থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। রোববার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। তাদের মতে, দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণবারগুলো। পরে তল্লাশি চালিয়ে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
আরও
কর্মকর্তারা জানান, জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।










