ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের মধ্যে রয়েছে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা যাত্রী কাস্টমস হলের স্ক্যানিং কার্যক্রম শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও ব্যাগেজ তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর ব্যাগেজের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে ব্যাগেজ থেকে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
আরও
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানিং কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাগেজে পৃথকভাবে তল্লাশি চালান। তখন লুকানো স্বর্ণের সন্ধান পাওয়া যায়।









