সর্বশেষ

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

ShariatpurWeb Popup (3)

শরীয়তপুরে দিনের আলোয় প্রকাশ্য সড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও দলটির কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। হঠাৎ করে মহাসড়কে নিষিদ্ধ এই সংগঠনের শতাধিক নেতাকর্মী দলবদ্ধ হয়ে এমন শোডাউন দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। ব্যস্ততম সড়কে অটোরিকশা ও মাইক্রোবাসসহ সাধারণ যানবাহন চলাচলের মধ্যেই শতাধিক নেতাকর্মী স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান। এ সময় মিছিলের কারণে পেছনে একটি মালবাহী ট্রাকসহ বেশ কিছু যানবাহন কিছুক্ষণের জন্য আটকা পড়ে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’সহ নানা রাজনৈতিক স্লোগানে মহাসড়ক প্রকম্পিত করেন।

এদিকে দিনের আলোয় প্রকাশ্য রাজপথে নিষিদ্ধ সংগঠনের এমন বিক্ষোভ মিছিলের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না বলে জানানো হয়েছে। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, তাদের মিছিল করার বিষয়ে পুলিশের কাছে পূর্ব কোনো গোয়েন্দা তথ্য ছিল না। এছাড়া ঘটনাস্থলটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তারা আকস্মিকভাবে মোটরসাইকেলযোগে এসে অত্যন্ত দ্রুততার সঙ্গে মিছিল শেষ করে সরে পড়ে। তবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ যাচাই ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup