অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলি–বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি দল গঠন করেছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, একজন উপপরিচালকের নেতৃত্বে গঠিত এই অনুসন্ধান দলটি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করবে। এই তালিকায় অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ। তাঁদের বিরুদ্ধে মূলত মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়ন, নিয়োগ ও পদোন্নতি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে কাজ শুরু করেছে এই অনুসন্ধান দল। এর মধ্যে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও নতুন পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে দেড় কোটি টাকা এবং পদোন্নতিপ্রাপ্তদের তাঁদের পছন্দের জায়গায় পদায়নের নামে আরও দুই কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।











