Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করলেন ৪ সন্তানের মা

Rai 2City

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালিপ্রবাসী স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে চার সন্তানের জননী এক নারীর বিরুদ্ধে। একই সঙ্গে স্বামীর জমানো প্রায় তিন কোটি টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার আত্মসাতেরও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার বাসিন্দা জাকিরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর ২০০৯ সালে স্ত্রীকে ইতালিতে নিয়ে যান জাকির। প্রবাসীর পরিবারের অভিযোগ, সেখানে যাওয়ার পর ওই নারী মুঠোফোনে একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসেন তিনি এবং জাকিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সর্বশেষ স্বামীকে প্রবাসে রেখেই তিনি উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন নামের এক যুবককে বিয়ে করেন।

জাকিরের বোন মারুফা বেগম জানান, তাঁর ভাইকে আইনিভাবে তালাক না দিয়েই ওই নারী প্রেমিককে বিয়ে করেছেন এবং পরিবারের সদস্যদের যোগসাজশে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন, যার কারণে তাঁদের পরিবার চরম অসহায় হয়ে পড়েছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নারী দাবি করেন, ইতালিতে জাকির তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলেই তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। একই সঙ্গে আগের স্বামীকে তালাক না দিয়েই নতুন বিয়ের বিষয়টিও তিনি স্বীকার করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate